ব ছ র দ শে ক প র আদিত্য ঘোষ (১) ‘’ বার্ধক্য তোমাকে পেয়ে বসেছে।‘’ ‘’ বয়সটাও তো কম হল না।‘’ ‘’ তবে তুমি কিন্তু এখনও আমার কাছে যুবতী!’’ ‘’ ধুস! সময়টা কতটা বদলে গেছে বল তো।‘’ ‘’ সময়টা একই আছে, আসলে আমাদের চরিত্রটা পাল্টে গেছে।‘’ ‘’ এটাও তো একটা বসন্ত। দেখ, সেই ঝরা পাতার মিছিল।‘’ ‘’ তুমি কি এখনও কাব্য কর ?’’ ‘’ মনের মানুষ পেলে করি।‘’ ‘’ তুমি আমার মনেই থেকে গেলে, তোমাকে আর পাওয়া হল না।‘’ ‘’ এখনও আক্ষেপ করিস?’’ ‘’তা একটু করি!’’ জয়ী হেসে উঠল। ওর হাসিতে সেই আগের মতো উচ্ছ্বাস লেগে আছে। যে উচ্ছ্বাসটা আমার যৌবনের ঘুম কেড়ে নিয়েছিল। যে উচ্ছ্বাসটা দেখে ওর প্রেমে পরেছিলাম, সব জেনেও যে ওকে কোনওদিনই পাবো না, তবুও... গায়ের রঙে মরচে ধরেছে সঙ্গে চুলেও। চামড়াটা কেমন এঁকেবেঁকে গেছে সরু নদীর মতো। চশমার কাঁচটা আরও মোটা হয়েছে। ঠোঁট দুটোও কেমন ফ্যাকাসে, লিপস্টিক দিয়ে সেটা ঢাকার চেষ্টা হয়েছে। চোখের নীচে কালির ছাপ, চিন্তার ভাঁজ। সেই তিলটা, যেটা আমাকে বারেবারে ডাকত মধ্যরাতে সেটাও কেমন যৌবন হারিয়ে নিস্তেজ। আগের চেয়ে জয়ী এখন অনেক রোগা হয়ে গেছে। ...